Tuesday, October 9, 2018

আমি সেই বিধবা

প্রত্যেক যন্ত্রণা বুকে বাজার জন্যেও
কোথাও আকাশ আছে
প্রত্যেক চোখের জলের ফোঁটার জন্যেও
কোথাও নদী আছে
যখন চাঁদের কোলে হেলান দিয়ে চোখ বন্ধ করি
মেঘ সব জল শুষে নিয়ে বলেঃ
আর কেঁদো না, আমরা তোমার বৃষ্টি হবো।

অনেক কষ্টে কোনরকমে সংসার চলতো।
সে দিনমজুরের কাজ করতো।
ফসল ফলানোর জন্যে কিছু টাকা ধার করেছিল সে।
পরপর দু বছর ফসল হয় নি ভালো
একবছর ভেসে গেল বন্যায়
আর একবছর ঝরে গেল বৃষ্টিতে।
টাকা শোধ না দেওয়ার যন্ত্রণায় সে বিষ খেল।
আমার কোলে তখন ছোট্ট দুটো বাচ্চা।
আমার কিছুই ছিল না তাদের খাওয়ানোর।
দিনগুলো যেন অন্ধকার হয়ে বসেছিল চোখের ভেতর।
অন্ধকারের চোখে আরো অন্ধকার ঢেলে
হিংস্র জানোয়াররা
লোভী দাঁত দিয়ে ছিঁড়ে খেত আমার শরীর।
আমি ছিলাম বরফবন্দী স্বপ্নহীন কিছু মাংসের মতো।

কিন্তু সমাজ যেখানে নিঃস্ব করে দেয় হৃদয়কে
সেখানে হাত রাখেন ঈশ্বর ।
শুরু করলাম সেলাই এর কাজ
কাপড় সেলাই করতে করতে
ঐ সুতো দিয়ে আমি স্বপ্ন বুনতাম।
আমার মেয়ের এক টুকরো হাসি আজ
আমার সব অন্ধকারের দরজা ভেঙে দেয়
আজ সে কলেজে পড়ে
আমার পাশে আমার মেয়ে
আমি পেয়েছি আমার আকাশ ।
©®অক্ষয় কুমার সামন্ত

No comments:

Post a Comment

তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না

স্কুলবেলা - চার -ঃ তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না ঃ- 21/01/2003 জীবনপথে পথ হারিয়ে ফেললেও তোমাকেই ধরে বাঁচতে চাই, অপর্না। ঝাউবনের চেরা...